বিবরণ
জীবন এক আশ্চর্য অনুভব। সময়ের চেহারা যেমন আমরা বুঝতে পারি না, ঠিক তেমনই মনোজগতের জীবনকে বা জীবনের মনোজগতকে বুঝি না। আমাদের অনুভবে তাই বাস্তব, জাদুবাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। জয়শীলা গুহ বাগচীর গল্পে কখনও একলা, কখনও বিপর্যস্ত মানুষের মনোজগতের নানা দিগ্ভ্রান্ত অনুভব উঁকি দিয়ে গেছে। একলা মন তার সলিলকি বুনেছে কখনও বাস্তবের জমিতে কখনও-বা অতিপ্রাকৃতের মধ্যে। একা বা সন্ত্রস্ত মানুষ মনোজগতের এই যাতায়াতের ভিতর খুঁজে নেয় টিকে থাকার লড়াই। গল্পগুলোর উচ্চারণ মূলত আত্মকথনের ছলে হলেও প্রতিটি গল্পের ছাঁদ, স্বাদ ও ভিয়েন আলাদা। অবশ্য শুধু জাদুবাস্তবতা নয়, বাস্তবের ঘনঘোরও জয়শীলা গুহ বাগচীর লেখায় উপস্থিত। চড়ক পুজোয় বাবার অন্ধবিশ্বাসের ক্ষেত্র হেরে যায় সন্তানের উন্মুক্ত বোধ ও ভালোবাসার কাছে। কিংবা নাগরিকত্ব প্রমাণের নামে অসহায় মানুষের নিঃস্ব হয়ে যাওয়ার লড়াই আমাদের এই আজকের বাস্তবে এনে ফেলে। জয়শীলা চেনা গল্প অচেনা ধাঁচায় বুনে চলেন... এখানেই তাঁর কৃতিত্ব।